চুয়াডাঙ্গায় তীব্র শীত, দিনমজুর-কৃষি শ্রমিকদের দুর্ভোগ চরমে
“যাত্রীরা ভ্যানে উঠতে চাচ্ছে না। বাতাস থাকায় শীত বেশি লাগছে। আমাদের উপার্জন কমে গেছে।”
চুয়াডাঙ্গায় তীব্র শীত অব্যাহত থাকায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আলতাফ হোসেন জানান, মঙ্গলবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
রাতে ও সকালে কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিনমজুর, কৃষি শ্রমিক ও রিকশা-ভ্যানচালকরা। কাজ ও যাত্রী সংকটে তাদের আয় কমে গেছে।
এদিকে শীত বাড়লেও এখনো চোখে পড়েনি পর্যাপ্ত শীতবস্ত্র বা ত্রাণ বিতরণ।
নিম্নআয়ের মানুষের পাশাপাশি কৃষি শ্রমিকদেরও দুর্ভোগ বেড়েছে। তারা মাঠে কাজ করতে পারছেন না। বেড়েছে শীতজনিত রোগবালাই।
সদর উপজেলার মনিরামপুর গ্রামের ভ্যানচালক মোহাম্মদ হাসান বলেন, “যাত্রীরা ভ্যানে উঠতে চাচ্ছে না। বাতাস থাকায় শীত বেশি লাগছে।
“যাত্রীরা ইজিবাইকে চড়ছে। আমাদের উপার্জন কমে গেছে।”
আবহাওয়া অফিসের কর্মকর্তা আলতাফ বলেন, “রাতে ও সকালে কিছু কুয়াশা থাকছে। তবে, আকাশ আগের চেয়ে পরিষ্কার; কুয়াশা কমেছে।”
