১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাঁশ বাগানে কান্নার শব্দ পেয়ে নবজাতক উদ্ধার, সন্তান রেখে উধাও ‘পাগলি’

যশোরের বেনাপোলে হাকর নদীর তীরে বাঁশ ঝাড়ের মাঝ থেকে শিশুটিকে উদ্ধার করা হয় বলে জানান ইউএনও।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2025, 04:32 PM

Updated : 26 Aug 2026, 05:06 PM

যশোরের বেনাপোল উপজেলায় কান্নার শব্দ পেয়ে বাঁশ বাগান থেকে এক নবজাতক ও তার মানসিক ভারসাম্যহীন মাকে উদ্ধার করেছে এলাকাবাসী। তবে কিছুক্ষণ পরই সদ্যজাত সন্তানকে রেখে উধাও হন ‘পাগলি’।

বৃহস্পতিবার ভোরে উপজেলার নামাজগ্রাম ও গাজীপুর গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া হাকর নদীর তীরে এ ঘটনা ঘটে বলে জানান শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজি নাজিব হাসান।

গাজীপুর গ্রামের আলি হোসেন কালু (৪৫) বলেন, “ভোরে আমার বসত বাড়ির পাশে বাঁশ বাগানে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাই। সকালে স্ত্রী মোছা. নারগিস বেগমসহ স্থানীয় লোকজন নিয়ে সেখানে গিয়ে দেখতে পাই, একজন পাগলি শুয়ে আছে এবং পাশে একটি নবজাতক। 

“তখন আমার স্ত্রীসহ আশেপাশের লোকজন মিলে পাগলিকে কাপড় পরানো হয় এবং বাচ্চার নাড়ি কাটা হয়। তবে পাগলি তার সন্তানকে রেখে অজ্ঞাত স্থানে চলে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাইনি। বর্তমানে ছেলে বাচ্চাটি আমাদের হেফাজতে আছে।”

ইউএনও কাজি নাজিব হাসান বলেন, অভিভাবকহীন নবজাতকটির স্বাস্থ্য ও অন্যান্য বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। চিকিৎসকের তত্ত্বাবধানে শিশুটি সুস্থ আছে। আপাতত প্রশাসনের তত্ত্বাবধানে ও আর্থিক সহায়তায় উদ্ধারকারী পরিবারের কাছে নবজাতককে রাখা হয়েছে।

এ বিষয়ে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ইউএনও।