Published : 25 Jul 2025, 04:07 PM
ঠাকুরগাঁও সদর উপজেলায় শত্রুতা বসত এক কৃষকের প্রায় ২০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলা হয়েছে। আর্থিক ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী।
শুক্রবার ভোর রাতে উপজেলার বালিয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার।
ক্ষতিগ্রস্ত কৃষক মফিজুল ইসলাম ওই গ্রামের প্রয়াত আশির উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, মফিজুল ভ্যান চালানোর পাশাপাশি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন। সংসার ও দুই ছেলের লেখাপড়ার খরচ চালাতে ঋণও করেছেন মফিজুল।
অভাব ঘোচাতে মফিজুল তার স্ত্রী সালমা বেগম, দুই ছেলে সাদেকুল ইসলাম ও আবু সালেককে নিয়ে বাড়ির পাশে ২০ শতাংশ জমিতে লাউ চাষ করেন। সবে মাত্র ক্ষেতে ফলন আসতে শুরু করেছে। এর মধ্যে গাছ কেটে ফেলার ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন মফিজুল।
গাছ কেটে ফেলায় ঘটনায় প্রতিবেশীকে দায়ী করেছেন মফিজুলের স্ত্রী সালমা বেগম। তিনি বলেন, তাদের সঙ্গে প্রতিবেশী এক নারীর ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জেরে ৭১টি লাউ গাছ কেটে ফেলা হয়েছে।
মফিজুলের ছেলে কলেজছাত্র সাদেকুল ইসলাম বলেন, “প্রচণ্ড রোদ উপেক্ষা করে মা-বাবাকে নিয়ে লাউ ক্ষেত করেছি। রাতের আঁধারে লাউ গাছের গোড়া কেটে দিয়েছে তারা। এটা একেবারে অমানবিক কাজ। অভাব ঘোচানোর জন্য স্বপ্ন বুনেছিলাম, কিন্তু আমাদের সেই স্বপ্ন নষ্ট করে দিল তারা।”
এ ঘটনার জন্য প্রতিবেশীকে দায়ী করে মফিজুল বলেন, “বিরোধ রয়েছে। তারা তো আমাদেরকে বলতে পারত, আমরা বসে সেটি সমাধান করতাম। কিন্তু তা না করে তারা আমাদের লাউ ক্ষেত কেটে দিয়েছে। আমি তাদের শাস্তি চাই।”
এ বিষয়ে প্রতিবেশী নারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
ওসি সাইফুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত কৃষককে থানায় এজাহার দেওয়ার জন্য বলা হয়েছে। এজাহার দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।