জয়পুরহাটে ‘দলবেঁধে ধর্ষণ ও ভিডিও’, তরুণ গ্রেপ্তার
ওসি জানান, যুবককে গ্রেপ্তারের পর তার কাছে ধর্ষণের ভিডিও চিত্র পাওয়া গেছে।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কিশোরীকে ডেকে নিয়ে দলবেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় বলে পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান।
গ্রেপ্তার কামিরুলকে (২০) পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় গত শনিবার রাতে তিন জনকে আসামি করে মামলা করেন ওই কিশোরীর স্বজন।
মামলার অপর দুই আসামির একজন রেজাউল করিম (২০), অন্যজন কিশোর (১৬)।
মামলার নথির বরাতে ওসি পলাশ চন্দ্র দেব জানান, শুক্রবার রাতে বাড়ির পাশে গভীর নলকূপের একটি ঘরে ওই কিশোরীকে ডেকে নেন তার কথিত প্রেমিক রেজাউল। পরে রেজাউল ও কিশোর ওই কিশোরীকে ধর্ষণ করেন এবং কামিরুল মোবাইল ফোনে ভিডিও করেন। কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে বিষয়টি স্বজনদের জানায়।
পলাশ চন্দ্র আরও জানান, কামিরুলকে গ্রেপ্তারের পর তার কাছে ভিডিও চিত্র পাওয়া গেছে।
এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
