Published : 23 Aug 2026, 06:41 PM
পরিবারের একমাত্র ছেলের বিয়ে। তাই আয়োজনের কোনো কমতি ছিল না। বিয়ে আর বৌভাত ঘিরে বাড়িতে চলছিল গান-বাজনার আয়োজন। পরিবারের সদস্য আর স্বজনরা সবাই নববধূকে নিয়ে আনন্দে মেতে ছিল।
তার মধ্যেই হঠাৎ ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বর। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তারপরই বাড়িবাড়ির আনন্দ রূপ নেয় বিষাদে। বিয়ের দিনই ভাঙে নববধূর স্বপ্ন।
বৃহস্পতিবার মধ্যরাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় উত্তপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনাস আহম্মেদ বাপ্পি (২৪) ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তিনি বেসরকারি লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন।
স্বজনরা বলেন, বৃহস্পতিবার দুপুরে পারিবারিকভাবে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদির গ্রামের সাইরা খাতুন জারার (২০) সঙ্গে আনাস আহমেদ বাপ্পির বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বিকালে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফিরেন বরযাত্রীরা।
নতুন বউকে দেখতে বাড়িতে ভিড় করেন আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। ছেলে ও নতুন বউকে ঘিরে পরিবারে ছিল আনন্দের আমেজ। রাতে বাড়িতে নাচ-গান চলছিল। প্যান্ডেলে আনাস একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসে ছিলেন। ফ্যানটি অন্যদিকে ঘোরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
স্বজনরা বলেন, শুক্রবার আনাসের বৌভাত হওয়ার কথা। ৮০০ লোকের খাবারের আয়োজন ছিল। একটি গরু জবাই করে মাংস কাটাকাটির কাজ চলছিল।
দুপুরে গাছেরদাইড় উত্তরপাড়া ঈদগাহ ময়দানে জানাযা শেষে আনাসকে স্থানীয় করবস্থানে দাফন করা হবে বলে দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান জানান।