Published : 12 Mar 2026, 07:09 PM
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক দম্পতির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকার ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান।
নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী ঢাকার দক্ষিণ খান এলাকার ৪০ বছর বয়সী মোনায়েম খান ও তার স্ত্রী জোসনা আক্তার।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “পাটুরিয়া থেকে ঢাকাগামী ‘ডি ডি’ পরিবহন একটি বাসকে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান অতিক্রম করার চেষ্টা করে।
“ঠিক তখনই ঢাকার দিক থেকে পাটুরিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেলটি। সংকীর্ণ সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে পেছন থেকে বাস ধাক্কা দেয়।”
তিনি বলেন, “দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মোনায়েম ও তার স্ত্রী জোসনা গুরুতর আহত হন। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই মোনায়েম মারা যান।
“গুরুতর আহত অবস্থায় জোসনাকে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।”
দুর্ঘটনার পর পুলিশ ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। এ ঘটনায় কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয় বলে ওসি হারুন অর রশিদ জানান।
বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।