১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শেরপুরের তিন বাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৩

বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে এবং প্রাইভেট কারের সামনের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেরপুরের তিন বাহনের সংঘর্ষে নিহত ১, আহত ৩
শেরপুরের নকলা থানা।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2024, 05:19 PM

Updated : 26 Aug 2026, 09:48 AM

শেরপুরের নকলা উপজেলায় বাসের সঙ্গে প্রাইভেট কার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। 

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কের নকলা উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নকলা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম। 

নিহত আনিস (৪০) নকলা উপজেলার মোজারবাজার গ্রামের নজিমদ্দিনের ছেলে। 

আহত হয়েছেন- অটোরিকশা চালক আসাদ (৩০), তার স্ত্রী লাবনী (২০) ও তাদের শিশু সন্তান লাব্বী। তাদের বাড়ি নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আবুল কাশেম জানান, অটোরিকশাটি নকলা পৌর শহর থেকে যাওয়ার পথে জালালপুর এলাকায় পৌঁছালে শেরপুর থেকে ঢাকাগামী দ্রুতগামী বাসের সঙ্গে প্রাইভেট কার ও অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেছে এবং প্রাইভেট কারের সামনের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার যাত্রী আনিস। আহত হন অটোরিকশার চালকসহ তিনজন। 

আহতদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

পরিদর্শক আবুল কাশেম আরও জানান, দুর্ঘটনা ঘটিয়ে চালক বাসটি নিয়ে ঢাকার দিকে চলে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।