Published : 25 Mar 2026, 12:03 PM
কুমিল্লার লালমাই উপজেলায় কুস্তি খেলা চলাকালে এক খেলোয়াড়ের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার রাতে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর মাদরাসা-সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটার তথ্য পেয়েছেন বলে জানিয়েছেন লালমাই থানার ওসি মো. নুরুজ্জামান।
মারা যাওয়া হেলাল উদ্দিন মজুমদার (৩৮) বাকই দক্ষিণ ইউনিয়ন কোঁয়ার গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। তিনি কোঁয়ার বাজারে একটি মুদি দোকান পরিচালনা করতেন। সাবেক এ সেনাসদস্য একসময় ফুটবলারও ছিলেন।
নিহতের চাচাতো ভাই আরিফ মজুমদার বলেন, রাতে স্থানীয়ভাবে গ্রাম্য কুস্তি খেলার আয়োজন করা হয়েছিল। খেলার মধ্যে প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে লড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন।
উপস্থিত লোকজন দ্রুত তাকে সহায়তার চেষ্টা করেন। তাকে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
ওসি মো. নুরুজ্জামান বলেন, হাডুডু খেলার সময় একজন অসুস্থ হবার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে শুনেছি। তবে এ বিষয়ে কেউ থানায় কোনো অভিযোগ করেন নি।