Published : 14 Jan 2026, 01:43 PM
নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সামনের সড়কে পণ্যবাহী ট্রাকের চাপায় এক পথচারী বিচারপ্রার্থী নিহত হয়েছেন।
বুধবার বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফতুল্লা মডেল থানার এসআই রেহানুল ইসলাম।
নিহত ৭০ বছর বয়সী মাদুলী ইসলাম ভূঁইয়া রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার রাণীপুরা এলাকার বাসিন্দা।
তার মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
সকালে তিনি চেক সংক্রান্ত একটি মামলার বিষয়ে রূপগঞ্জ থেকে আদালতে গিয়েছিলেন বলে জানান প্রতিবেশী রোকসানা ইব্রাহিম।
সাদিয়া নামের প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, “জেলা আদালতের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কটি হেঁটে পার হবার সময় চাষাঢ়ামুখী একটি ট্রাক তাকে চাপা দেয়।”
ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয় জানিয়ে এসআই রেহানুল বলেন, “তাকে চাপা দেওয়ার পরপরই ট্রাকটি ফেলে চালক ও তার সহকারি পালিয়ে যায়।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।