১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোরে দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

এ ঘটনার প্রতিবাদে নির্বাচন কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে বিএনপি।

যশোরে দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণ, প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
যশোরে দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2025, 03:43 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোরে দুটি আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি দিয়েছে বিএনপি। সেইসঙ্গে পূর্বের সীমানা বহাল রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে দলটি।

বুধবার বেলা ১১টায় বিক্ষোভ মিছিল নিয়ে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নেয় বিএনপির নেতাকর্মী। এ সময় দলের নেতারা প্রধান নির্বাচন কমিশনার বরাবর স্মারকলিপি দেন।

পরে যশোর প্রেস ক্লাব সংবাদ সম্মেলন করেন বিএনপির নেতাকর্মীরা।

এতে যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, “ত্রয়োদশ নির্বাচনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবে যশোরের কোনো আসন ছিল না। এ ছাড়া সীমানা পুনর্নির্ধারণ নিয়ে যেসব জেলার আপত্তি রয়েছে, তা সমাধানের জন্য তারিখ নির্ধারণ করা ছিল। যারা অভিযোগ বা আবেদন করেছিল সেটা নিষ্পত্তি হয়ে গেছে। 

“তারপরও আবার কিছু জেলাকে নিয়ে অভিযোগ এনেছে ব্যক্তি বিশেষের কারণে। আমরা মনে করি এটা নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করার একটি ‘ষড়যন্ত্র’ ছাড়া কিছুই নয়। এ ধরনের কোনো ‘ষড়যন্ত্রকে’ বরদাস্ত করবে না বিএনপি।”

যশোরের সব আসন বর্তমান সীমানায় রেখে নির্বাচনের দাবি জানান এই বিএনপি নেতা।

সংবাদ সম্মেলনে অন্যান্য মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত ছিলেন।

এর আগে ৩০ জুলাই নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী এলাকা পুনঃনির্ধারিত সীমানায় যশোরের কোনো আসন না থাকলেও এক ব্যক্তি যশোর-৩ ও ৬ আসনের সীমানা নিয়ে কমিশনে আপত্তি করেন। এ বিষয়ে আগামী ২৫ অগাস্ট শুনানি করবে নির্বাচন কমিশন।