১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় পুলিশের ওপর হামলায় ছাত্রদল নেতা আটক, বহিষ্কার

ছাত্রদল নেতা মিঠুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।

নেত্রকোণায় পুলিশের ওপর হামলায় ছাত্রদল নেতা আটক, বহিষ্কার
সৈয়দ মিঠু মিয়া সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2026, 08:51 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

নেত্রকোণার মদন উপজেলায় দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় ছাত্রদলের এক নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। হামলার ঘটনায় তাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বহিষ্কৃত সৈয়দ মিঠু মিয়া সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। তিনি মদন পৌর শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের রঞ্জু মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়। সেইসঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়।

পুলিশের ওপর হামলার ঘটনায় মিঠুকে আটক করার কথা জানিয়েছেন মদন থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড়ে চট্টগ্রামগামী একটি বাসের যাত্রী ও কাউন্টারের কর্মীদের মধ্যে ঝামেলা হয়। যাত্রীদের হয়রানির অভিযোগ পেয়ে মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় ছাত্রদল নেতা সৈয়দ মিঠুও ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনায় পুলিশ তাকে নাক গলাতে নিষেধ করলে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে কনস্টেবল মো. ফরিদুল ইসলাম ও আতাউর রহমান আহত হন। পরে তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মিঠুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি তরিকুল ইসলাম।