১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

তিন মাস পর বেনাপোল দিয়ে এল পেঁয়াজ, দাম ৪২ টাকা কেজি

ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে ৯০ টন পেঁয়াজ এসেছে।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2025, 06:57 PM

Updated : 26 Aug 2026, 05:19 PM

প্রায় তিন মাস পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের দাম পড়েছে ৪২ থেকে ৪৩ টাকা।

সোমবার বেলা ২টার দিকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে তিনটি ট্রাকে ৯০ টন পেঁয়াজ আসে বলে জানান বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন।

আমদানি করা পেঁয়াজ ছাড়করণ প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ, সাতক্ষীরা ও মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ এবং যশোরের সাবাহ এন্টারপ্রাইজ এসব পেঁয়াজ আমদানি করেছে। 

তিনি বলেন, প্রথম চালানে তিনটি ট্রাকে ৯০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সবশেষ সেপ্টেম্বরে এ বন্দর দিয়ে ৬০ টন পেঁয়াজ এসেছিল।

আমদানির খবরে বাজারে পেঁয়াজের দাম কমে আসবে বলে ধারণা করছেন সাধারণ ক্রেতাদের। 

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ এজেন্সির মালিক আবু নিদাল ফয়সল বলেন, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় ধরে প্রতিকেজি পেঁয়াজের দাম পড়ছে ৪২ থেকে ৪৩ টাকা। এ ছাড়া বাজারজাত করতে এর সঙ্গে পরিবহন ও শ্রমিক ব্যয় যুক্ত হবে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বাংলাদেশে প্রবেশের জন্য আরও কিছু পেঁয়াজের ট্রাক ওপারের পেট্রোপোল বন্দরে অপেক্ষায় আছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে ঢুকবে। বন্দর থেকে পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।