যৌন নিপীড়ন: মার্কিন নারীর অভিযোগে কক্সবাজারে যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগও আছে।
কক্সবাজারে মার্কিন নারীকে যৌন নিপীড়নের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করার তথ্য দিয়েছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন বলেন, ওই নারী একটি আন্তর্জাতিক সংস্থায় কাজ করেন। তিনি সোমবার সকাল ১০টার দিকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ তুলেছেন।
গ্রেপ্তার তারেকুর রহমান (৩০) কক্সবাজার শহরের মোহাজের পাড়ার বাসিন্দা।
অভিযোগ জানানো নারী স্বামীর সঙ্গে কক্সবাজার থাকেন। তার স্বামী ইউএন উইমেনে কক্সবাজারে কর্মরত।
অভিযোগের বরাতে সাইফউদ্দীন বলেন, ওই নারী এক সহকর্মীর সঙ্গে শহরের ফুটপাত ধরে হাঁটছিলেন। হঠাৎ তারেক গতিরোধ করে ওই নারীর ওপর যৌন নিপীড়ন চালায়।
“অভিযোগ পাওয়ার পরই পুলিশ অভিযানে নামে। পরে বিকাল ৪টার দিকে শহরের ঝাউতলা এলাকা থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।“
এদিকে তারেকের বিরুদ্ধে ২০২২ সালের ১৩ নভেম্বর পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ থাকার তথ্য দিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।
তিনি বলেন, “ওই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে জামিনে বের হয়ে যান।’
