Published : 12 Sep 2026, 08:27 PM
খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুধ দিয়ে গোসল করে অনলাইন ক্যাসিনো বা জুয়া না খেলার প্রতিজ্ঞা করেছেন এক যুবক।
শনিবার বিকালে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়ন পরিষদ ভবনের সামনে সজীব মিয়া নামে ওই যুবক ১০ লিটার দুধ দিয়ে গোসল করেন।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া জাগিয়েছে।
উপজেলার লামকুপাড়া এলাকার বাসিন্দা ও সবজি ব্যবসায়ী সজীব অসংখ্য মানুষের উপস্থিতিতে দুধ দিয়ে গোসল করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও তার গায়ে দুধ ঢেলে দিয়ে উৎসাহ দেন।
সজীব বলেন, মোবাইল ফোনে বিজ্ঞাপন দেখে তিনি ক্যাসিনোয় আসক্ত হয়ে পড়েন এবং গত ৭-৮ বছরে প্রায় ১৫ লাখ টাকা খোয়ান। এমনকি আসক্তির কারণে পকেটে ৫০ টাকা থাকলেও ধার করে জুয়ায় খাটাতেন। সম্প্রতি বিয়ের পর নববধূর অনুরোধ ও স্থানীয় মুরুব্বিদের পরামর্শে তিনি এ পথ থেকে চিরতরে ফিরে আসার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
তিনি আহ্বান জানান, অনলাইন জুয়ায় আসক্ত সবাই যেন পরিবার ও নিজেকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে অবিলম্বে এ পথ ত্যাগ করেন।
সজীবের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে রামগড় থানার ওসি নাজির আলম বলেন, “সজীবকে ধন্যবাদ জানাই তার এমন আত্মউপলব্ধির জন্য। তার এ পথ অনুসরণ করে অন্য পথভ্রষ্ট যুবকরাও অনলাইন জুয়া ছেড়ে ভালো পথে ফিরবে- এটাই আমাদের প্রত্যাশা।”
রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম বলেন, “সজীবের সিদ্ধান্তটি সমাজের জন্য একটি ভালো দৃষ্টান্ত। জুয়ায় আসক্ত সবাইকে সজীবের মতো শপথ নিয়ে নিজেকে রক্ষা করার আহ্বান জানাচ্ছি।”