Published : 18 Dec 2024, 09:53 PM
সিলেট নগরীতে এক দম্পতির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সকালে নগরের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই দম্পতি মারা যান বলে স্বজনদের দাবি।
নিহতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের আব্দুল মজিদের ছেলে রুবেল আহমদ (৩০) ও তার স্ত্রী রাজনা বেগম (২৬)। তারা সিলেট নগরীর চালিবন্দরস্থ একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। এই দম্পতির পাঁচ ও তিন বছরের দুটি ছেলে-মেয়ে আছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বলেন, “শোনা যাচ্ছে, সকালে ওসমানী হাসপাতালের পথে অসুস্থ স্ত্রীর মৃত্যু দেখে চিৎকার দিয়ে মারা যান স্বামীও। তবে দম্পতির মৃত্যুর কারণ হাসপাতালের চিকিৎসকও বলতে পারেননি। তাই মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।”
এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনির বলেন, “সকালে হাসপাতালে দুটি মরদেহ নিয়ে আসেন স্বজনরা। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়াতে পুলিশ আটক করে।”
নিহত রুবেল আহমদের মা মনোয়ারা বেগম বলেন, “কয়েকদিন ধরে রাজনা জ্বরে ভুগছিল। সকালে উঠান ঝাড়ু দিতে গিয়ে সে বেশি অসুস্থ হয়ে পড়ে। পরে তার হাতে-পায়ে তেল মালিশ করে দিই। অবস্থার অবনতি হলে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তাকে নিয়ে ওসমানী হাসপাতালের উদ্দেশে রওয়ানা হই। পথে রাজনা জ্ঞান হারিয়ে ফেলে ও তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। এটা দেখে রুবেল কান্নাকাটি শুরু করে। একপর্যায়ে রুবেলও অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।”
তবে রাজনা বেগমের বাবা আবদুল আলীর দাবি, তার মেয়ে সুস্থ ছিলেন। ৩-৪ দিন আগেও পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে মেয়ের সঙ্গে কথা হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যেও কোনো বিরোধ ছিল না। আবদুল আলীর অভিযোগ, পারিবারিক কোনো বিরোধে তার মেয়ে ও জামাতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।