১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে অবৈধ পলিথিন কারখানায় অভিযান, অর্থদণ্ড

অভিযানে ১৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪ হাজার ২৫৭ কেজি পলিথিন তৈরির দানা জব্দ করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2025, 12:44 PM

Updated : 26 Aug 2026, 11:41 AM

নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে অবৈধ কারখানায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার রাত ১২টার দিকে চৌমুহনীর হকার্স মার্কেটে নিপু প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমান।

অভিযানে ১৪৩ কেজি নিষিদ্ধ পলিথিন ও ৪ হাজার ২৫৭ কেজি পলিথিন তৈরির দানা জব্দ করা হয়। অভিযানে নিষিদ্ধ পলিথিন তৈরির দায়ে প্রতিষ্ঠান মালিককে পরিবেশ সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এর আগেও এই কারখানায় দিনে অভিযান চালানো হয়। তখন কারখানা বন্ধ পাওয়া যায়। অভিযান এড়াতে রাতের বেলায় অবৈধ পলিথিন তৈরি করে প্রতিষ্ঠানটি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম, নোয়াখালী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিহির লাল সরদার ও বেগমগঞ্জ থানা পুলিশের সদস্যরা।