Published : 31 Aug 2026, 09:25 PM
সিলেট নগরী থেকে নিখোঁজ হওয়া মানবাধিকার কর্মী মিনহাজ সামাদ চৌধুরীর খোঁজ মিলেছে।
সোমবার বিকালে নগরীর মিরাবাজার এলাকায় তাকে পাওয়া যায় বলে জানিয়েছেন শাহপরাণ (র.) থানার ওসি ফেরদৌস আহমেদ।
মিনহাজ সামাদ চৌধুরী (৫১) নগরের শাহজালাল উপশহর এলাকার বি-ব্লকের বাসিন্দা এ এস সামাদ চৌধুরীর ছেলে। তিনি ‘ইন্ডিপেন্ডেন্ট হিউম্যান রাইটস ডিফেন্ডারে’ কাজ করতেন।
ওসি বলেন, মিনহাজ তার এক বন্ধুর কাছ থেকে একজনকে বিদেশে পাঠানোর কথা বলে চার লাখ টাকা নিয়েছিলেন। তবে ওই ব্যক্তিকে বিদেশে পাঠাতে পারেননি তিনি। পরে টাকাও ফেরত দেননি। এরপর থেকে মিনহাজ তার ওই বন্ধুর বাসায় ছিলেন।
এ ঘটনায় মিনহাজসহ তার দুই বন্ধুকে পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে বলে জানান ওসি। বিষয়টি নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে শনিবার সন্ধ্যা থেকে মিনহাজকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় রোববার রাতে তার স্ত্রী শারমিন বেগম শাহপরাণ (র.) থানায় একটি জিডি করেন।
জিডিতে শারমিন বেগম জানিয়েছিলেন, শনিবার সন্ধ্যা ৬টার দিকে বাসা থেকে বের হওয়ার পর মিনহাজের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।
শাহপরাণ থানার এসআই শোভন রায় জানিয়েছিলেন, মিনহাজের সর্বশেষ অবস্থান ছিল উপশহর এলাকায়। তার ব্যবহৃত মোবাইল নম্বরের কল ডিটেইল রেকর্ড (সিডিআর) সংগ্রহ করে বিষয়টি তদন্ত করা হচ্ছিল।