১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বেহাল সড়কে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ

এলাকাবাসী এই রাস্তাটি পাকা করার দাবি জানান।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2025, 09:48 PM

Updated : 26 Aug 2026, 01:22 PM

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘চলাচলের অনুপযোগী’ কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। 

রোববার দুপুরে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর দেবীনগর গ্রামের পাশে ‘নদী ও নবজীবন’ নামে স্থানীয় একটি সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

এ সময় মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, গোলাম মোহাম্মদ মোড় থেকে চর দেবীনগর হয়ে চাকলা কামারপাড়া স্কুল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার, চরচাকলা জামে মসজিদ থেকে আলাতুলি বিল কান্দি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এবং পিঠালি তালা থেকে গোলাম র‌ইস উদ্দিনের মোড় প্রায় আড়াই কিলোমিটার এলাকায় তারা চলাচল করেন। 

এই সড়ক দিয়ে চর চাকলা, চর দেবীনগর, নজিপুর, বাগানপাড়া, দরিয়া পাড়া, ছয় রসিয়া, বালু গ্রামসহ আশপাশের ইউনিয়নের ২০টি গ্রামের ৪০ হাজার মানুষ চলাচল করেন। 

তারা বলেন, কিন্তু বর্ষাকালে তিন-চার মাস এসব রাস্তা কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন এলাকার মানুষজন। শিক্ষার্থীরা স্কুলে যেতে পারেন না। মানুষ কৃষিপণ্য বহন করতে পারেন না। ফলে অর্ধেক দামে তাদের পণ্য বিক্রি করতে হয়।  

এলাকাবাসী এই রাস্তাটি পাকা করার দাবি জানান।