১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নোয়াখালীতে নিখোঁজ যুবকের মরদেহ ডোবা থেকে উদ্ধার

শুক্রবার রাতে আবুল হোসেনের বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 02:38 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে একলাশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাজার সড়ক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বেগমগঞ্জ থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান।

মারা যাওয়া আবুল হোসেন (৩২) ওই এলাকার প্রয়াত বাবুল মিয়ার ছেলে। তার ভাইয়েরা প্রবাসে থাকেন এবং তিনি বেকার ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, শুক্রবার রাতে আবুল হোসেনের বাড়িতে এক ভাগ্নির বিয়ের অনুষ্ঠান ছিল। ওই রাত থেকেই তিনি নিখোঁজ ছিলেন। তিনি মৃগী রোগে ভুগছিলেন বলেও ভাষ্য স্বজনদের।  

পরে রোববার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। 

ওসি আরও বলেন, দুই দিন পানিতে থাকায় মরদেহটি ফুলে যায়। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।