Published : 19 May 2026, 03:34 PM
ফরিদপুর জেলা কারাগারের এক হাজতির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের তিনি মারা যান বলে ফরিদপুরের জেল সুপার শওকত হোসেন মিয়া জানান।
মৃত কাদের মোল্যা (৫৫) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামের অহেদ মোল্যার ছেলে। তিনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় ফরিদপুর জেলা কারাগারে আটক ছিলেন।
জেল সুপার শওকত হোসেন মিয়া বলেন, “সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারাগারে থাকা অবস্থায় কাদের মোল্যা শারীরিকভাবে অসুস্থ বোধ করেন এবং তার শ্বাসকষ্ট শুরু হয়।
“তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। এরপর মঙ্গলবার সকাল ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, “ঘটনার বিষয়ে কোতোয়ালি থানায় জানানো হলে এসআই আতিকুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কাদের মোল্যার মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
“মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জেল সুপার শওকত হোসেন মিয়া।