১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

পটুয়াখালীতে ঝড়ে বিদ্যালয়ের গেইট ভেঙে কয়েক শিক্ষার্থী আহত

আহতদের মধ্যে একজনকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালীতে ঝড়ে বিদ্যালয়ের গেইট ভেঙে কয়েক শিক্ষার্থী আহত
পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজ।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2026, 09:45 PM

Updated : 26 Aug 2026, 03:30 PM

পটুয়াখালী শহরে কালবৈশাখী ঝড়ে একটি বিদ্যালয়ের গেইট ভেঙে কয়েক শিক্ষার্থী আহত হয়েছে; যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।

মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে পটুয়াখালী কালেক্টর স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিদ্যালয়ের উপাধ্যক্ষ মোসা. শাহনারা আক্তার।

আহত অয়ন চন্দ্র সরকার (১০) ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হচ্ছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় ছুটির পর বেশ কয়েকজন শিক্ষার্থী গেইটের সামনে অবস্থান করছিল। এ সময় দারোয়ান গেইট খুলতে গেলে হঠাৎ সেটি শিক্ষার্থীদের ওপর ভেঙে পড়ে। এতে ৪ থেকে ৫ শিক্ষার্থী আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

উপাধ্যক্ষ শাহনারা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ কালবৈশাখীর তীব্রতায় নবনির্মিত গেইটটি ভেঙে পড়ে। দারোয়ান গেইটটি ধরে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়নি।

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শুভ ওঝা বলেন, অয়নের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে ঢাকার নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে। তার মাথায় রক্তক্ষরণ হয়েছে। 

উপাধ্যক্ষ শাহনারা আক্তার বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের তত্বাবধানে আয়নের চিকিৎসা করা হবে। আহত অন্য শিক্ষার্থীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।