মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না: কাদের সিদ্দিকী
“সাধারণ মানুষ যা চায় তা হওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায়”, বলেন তিনি।
দেশে একটা হতাশা কাজ করছে; আসলে মানুষের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় টাঙ্গাইলের বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগমের সঙ্গে সাক্ষাৎ শেষে তার কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
কাদের সিদ্দিকী বলেন, “সামনে মাহে রমজান। এটি সারা বিশ্বের মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস। বাংলাদেশে মাহে রমজানে সাংঘাতিক শঙ্কা নিয়ে মানুষ আছে।
“বাজারে কি অবস্থা হবে, দ্রব্যমূল্য কি হবে? মানুষের উপার্জনের সঙ্গে ব্যয়ের কোনও সম্পর্ক নেই। ভিশন কষ্টে আছে মানুষ। আবার এটা সাধারণ মানুষ কখনও প্রত্যাশা করে না।”
নির্বাচন নিয়ে সাংবাদিকের করা প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাধারণ মানুষ যা চায় তা হওয়া উচিত। সাধারণ মানুষ স্বস্তি চায়, শান্তি চায়, ভালোবাসা চায় এবং ভালোভাবে থাকতে চায়। সেখানে সবাই কষ্টে আছে।”
এর আগে কাদের সিদ্দিকী নিজ দলের নেতাকর্মীদের নিয়ে বাসাইল ইউএনওর কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে ইউএনওর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।
এ সময় বাসাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বাসাইল পৌরসভার সাবেক মেয়র রাহাত হাসান টিপু, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান খান, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক ইবনে হাসান টিটু, বাসাইল পৌর যুব আন্দোলনের সাধারণ সম্পাদক সমির নাগ এবং টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সদস্য রকিবুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।
