১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় বাবা-ছেলেকে পিটিয়ে জখম, ৪ দিন পর বাবার মৃত্যু

একই ঘটনায় নিহতের এক ছেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2026, 04:33 PM

Updated : 26 Aug 2026, 05:33 PM

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহতের চার দিন পর এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আছেন নিহতের এক ছেলে। 

সোমবার রাত আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে জানান খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দীন।

নিহত তাইজুদ্দীন ফকির ওরফে গেদু মিয়া (৭৮) উপজেলার চাকুয়া ইউনিয়নের বানীচাপুর গ্রামের বাসিন্দা। গেদু মিয়ার ছেলে রাইকুল ফকির ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে বৃহস্পতিবার সকালে জমি নিয়ে বিরোধের জেরে রাইকুলকে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। ছেলেকে মারধরের ঘটনায় এদিন বিকালে থানায় অভিযোগ দিয়ে বাড়ি ফেরার গেদু মিয়াকে পিটিয়ে জখম করা হয়।

গেদু মিয়ার ছোট ভাই সানোয়ার ফকির বলেন, “ঘটনার দিন বাড়ির পাশে কৃষি জমিতে কাজ করতে যান রাইকুল। এ সময় একই গ্রামের প্রতিপক্ষের স্বপন মির্জা ও তার ছেলেসহ কয়েকজন রাইকুলের ওপর হামলা চালায়। এতে রাইকুল গুরুতর আহত হন।

“এ ঘটনায় গেদু মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন। থানা থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন গেদু মিয়ার ওপর হামলা চালায়। তাকেও পিটিয়ে গুরুতর জখম করা হয়।”

তিনি বলেন, আহত বাবা ও ছেলেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গেদু মিয়া মারা যান।

মঙ্গলবার সকালে সানোয়ার ফকির বলেন, “ময়নাতদন্ত শেষে বিকালে লাশ নিয়ে রওনা দিতে পারব। এ বিষয়ে থানায় অভিযোগ করা হবে।”

ওসি নাসির উদ্দীন বলেন, এ ঘটনায় আগেই গেদু মিয়া থানায় অভিযোগ করেছিলেন। তবে আবার অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।