মানিকগঞ্জ-৩: বাবার কবর জিয়ারত করে বিএনপি প্রার্থী রিতার গণসংযোগ শুরু
পাশাপাশি বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবরও তিনি জিয়ারত করেন রিতা।
মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা তার বাবা সাবেক মন্ত্রী হারুনুর রশীদ খান মুন্নুর কবর জিয়ারত করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করেছেন ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলার মুন্নু সিটিতে বাবার কবর জিয়ারত ও দোয়া-মোনাজাত করেন তিনি।
পাশাপাশি বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের কবরও তিনি জিয়ারত করেন রিতা।
পরে গিলন্ড এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা চালক ও দোকানী, ব্যবসায়ীসহ স্থানীয়দের কাছে ভোট প্রার্থনা করেন ধানের শীষ প্রতীকের এ প্রার্থী।
এ সময় আফরোজা খানম রিতা বলেন, “দীর্ঘদিন ধরে মানিকগঞ্জের মানুষ ধানের শীষে ভোট দেয়ার জন্য মুখিয়ে আছে। মানিকগঞ্জে আমরা বিএনপির সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছি।”
“আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী, মহান আল্লাহ আমাদের সহায় হবে“, বলেন তিনি।
এ সময় জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, সাবেক সহ-সভাপতি মো. মোতালেব খানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সদর ও সাটুরিয়া উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ-৩ আসনে ১০ দলীয় প্রার্থী সাঈদ নূর, স্বতন্ত্র ও বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী আতাউর রহমান আতাসহ ভোটের মাঠে রয়েছেন ৯ জন। তারাও নিজেদের প্রচার শুরু করেছেন।
