Published : 01 Apr 2026, 11:03 AM
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অভিযানে বিপুল জ্বালানি তেল জব্দ এবং একজনকে ২ মাসের কারাদণ্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় গোদনাইল এলাকায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে এ অভিযান চালানো হয় বলে জানান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান।
সহকারী কমিশনার রাশেদ খান মোবাইলে বলেন, গোদনাইলে মেঘনা ডিপোর পাশে ওই অভিযানে ৯ হাজার ১০০ লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত পাওয়া যায়। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল মজুতে জড়িত মো. সিফাতকে ২ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
একইসঙ্গে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অপরাধে তাকে ৬ হাজার টাকা জরিমানার কথাও জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এদিকে, রাত ১০টায় একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুত হিসেবে পাওয়া গেছে বলেও জানান রাশেদ খান।