১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আদালতে হাজিরা শেষে গ্রেপ্তার টাঙ্গাইলের সাবেক মেয়র

পুলিশ সুপার বলেন, সহিদুর রহমানের নামে বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 11:57 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

মামলার হাজিরা শেষে আদালত প্রাঙ্গণেই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান মুক্তি গ্রেপ্তার হয়েছেন। 

বৃহস্পতিবার বিকালে আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় হাজিরা শেষে তাকে গ্রেপ্তার করা হয় বলে টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহম্মদ জানান। 

তিনি বলেন, “তিনি থানায় আছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।” 

সহিদুর রহমান খান মুক্তি টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আতাউর রহমান খানের ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ্য আমানুর রহমান খান রানার ভাই। 

আদালত সূত্র জানায়, ফারুক আহমেদ হত্যা মামলায় সহিদুর রহমান গত ২২ সেপ্টেম্বর টাঙ্গাইল প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত থেকে স্থায়ী জামিন লাভ করেন। পরে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বৃহস্পতিবার মামলার ধার্য তারিখে তিনি অ্যাম্বুলেন্সে আদালতে আসেন। 

গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে টাঙ্গাইলের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু সাংবাদিকদের বলেন, “সহিদুর রহমানের নামে বিভিন্ন ধরনের মামলা রয়েছে। সে কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আপনাদের সবকিছু জানানো হবে।”

২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদের গুলিবিদ্ধ লাশ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। তিনদিন পর তার স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন।