১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ ঘণ্টা পর পাইপলাইনে গ্যাস সরবরাহ শুরু

পৌরসভার উলচাপাড়া এলাকায় চার লেন মহাসড়কের কাজ করার সময় এস্কেভেটরের আঘাতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2025, 11:06 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন মহাসড়কের কাজ করার সময় গ্যাস সংযোগ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে গ্যাস সরবরাহ শুরু হওয়ার তথ্য দিয়েছেন বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী শফিকুল হক।

এর ফলে স্বস্তি ফিরেছে গ্রাহকদের মাঝে।

তার আগে বিকাল ৪টার দিকে পৌরসভার উলচাপাড়া এলাকায় চার লেন মহাসড়কের কাজ করার সময় এস্কেভেটরের আঘাতে পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তা শফিকুল হক বলেন, এস্কেভেটরের আঘাতে গ্যাস সঞ্চালন লাইনের ছয় ইঞ্চি পাইপ লাইন ছিদ্র হয়ে গ্যাস বের হওয়া শুরু করে।

তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বিষয়টি বাখরাবাদ কর্তৃপক্ষকে জানালে কারিগরি দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে সদর উপজেলার ঘাটুরা এলাকায় থাকা গ্যাস সঞ্চালন লাইন বন্ধ করে দেয় বাখরাবাদ কর্তৃপক্ষ।

প্রকৌশলী শফিকুল বলেন, মেরামত কাজ শেষ হওয়ার পর রাত ৯টা থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়।

দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া পর্যন্ত চার লেন মহাসড়কে উন্নীতকরণের কাজ চলছে। প্রায় ৫১ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটিতে কাজ করছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড।

আগের খবর:

ব্রাহ্মণবাড়িয়ায় ফোর লেনের কাজের সময় পাইপলাইন ছিদ্রগ্যাস সরবরাহ