Published : 19 Jul 2025, 03:33 PM
রংপুর নগরের সিও বাজারে একটি এলপিজি স্টেশনে গ্যাসের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে একজনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
এ সময় স্টেশনটিতে থাকা অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, মোটরসাইকেলসহ অন্তত ২০টি গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া আশপাশের বেশ কিছু বাড়ির দরজা-জানালাসহ স্থাপনা ধসে গেছে।
শনিবার বেলা ১২টার দিকে ‘সিও বাজার এলপিজি স্টেশনে’ এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক বাদশা মাসউদ আলম।
নিহত সোহাগ একজন ইঞ্জিনিয়ার ছিলেন। ঘটনার সময় সোহাগসহ কয়েকজন সেখানে ট্যাংকার মেরামতের কাজ করছিলেন।
তবে তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শী আলিম আল সাইদ খোকন বলেন, সাত দিন আগে ওই এলপিজি স্টেশনের ট্যাংকারে লিকেজ ধরা পড়লে গ্যাস বেচা-কেনা বন্ধ রাখে কর্তৃপক্ষ। সকাল থেকে সেখানে মেরামতের কাজ চলছিল। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এতে মেরামতের কাজে নিয়োজিত চারজন অন্তত ২০ জন আহত হন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ইঞ্জিনিয়ার সোহাগকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। লিকেজ মেরামতের সময় ট্যাংকারে চাপ সৃষ্টি হলে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্মকর্তা বাদশা মাসউদ আলম বলেন, বন্ধ থাকা গ্যাস ট্যাংকার মেরামতের সময় বিকট শব্দ হয়। এতে আশপাশে ধোয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে যান রংপুর সেনা ক্যাম্পের জ্যেষ্ঠ ওয়ারেন্ট অফিসার সোবাহান মোল্লা। তিনি বলেন, বিস্ফোরণে আশেপাশের ঘরবাড়ি ও যানবাহনের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সেনাবাহিনী।
এতে কর্তৃপক্ষের ব্যর্থতা থাকলে অবশ্যই তাকে জবাবদিহি করতে হবে বলে জানান এই সেনা কর্মকর্তা।