Published : 11 Aug 2026, 06:44 PM
বিরোধী দলকে শান্ত থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান।
তিনি বলেন,“জ্বালাও-পোড়াও বা দেশকে অস্থিতিশীল করার রাজনীতি থেকে সরে আসতে হবে। সরকার পরিবর্তন করতে হলে পরবর্তী নির্বাচনে জনগণের রায়ই একমাত্র পথ।”
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
আযম খান বলেছেন, “বিরোধীদল অযথা কাল্পনিক আস্ফালন করেছেন। আমরা বিরোধীদলের উদ্দেশ্যে বলতে চাই শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন। জ্বালাও পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না।
“আমরা আর বাংলাদেশে জ্বালাও পোড়াও দেখতে চাই না। আমরা কোনো সিলের নির্বাচন দেখতে চাই না। আমরা কোনো জোর-জবরি শাসন দেখতে চাই না।”
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, “শান্ত হোন হুশে আসেন, বেহুশ হবেন না। বর্তমান সরকার জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার। এই সরকারকে হটাতে হলে পাঁচ বছর পর যে আবারও যে নিরপেক্ষ নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটে এসে তারপর যদি বেশি পান তাহলে এই সরকারে যাবেন নয়লে এই সরকারই আবারও নির্বাচিত হবে।”
আহমেদ আযম খান অভিযোগ করেন, বিরোধী দল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সচিবালয় বা মন্ত্রণালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি না করার আহ্বানও জানান তিনি।
তিনি আরও বলেন, সংসদের ভেতরে যেমন দায়িত্বশীল আচরণ করা হচ্ছে, তেমনি সংসদের বাইরেও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ প্রত্যাশা করে দেশের মানুষ।
“আপনাদেরকে বলব আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটা সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদেরকে ইনশাআল্লাহ উপহার দেব।”
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসেন, বাসাইল থানার ওসি আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অন্যরা উপস্থিত ছিলেন।