Published : 14 Sep 2026, 05:53 PM
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের দুই দিন পর খাল থেকে ভাসমান অবস্থায় নয় বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ প্রতিবেশীকে হেফাজতে নিয়েছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের খাল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শরণখোলা থানার এসআই বিনয় কুমার হালদার।
নিহত রাফি আকন উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জসিম আকনের ছেলে। সে স্থানীয় আমড়াগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার শিশুটি নিখোঁজ হলে তার বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর থেকে পুলিশ ও তার পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খুঁজতে থাকেন।
এদিন সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন খালে একটি শিশুর মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাফির স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করেন। শিশুটির শরীর ফুলে গেছে।
সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই বিনয় কুমার।
তিনি বলেন, শিশুটির পরিবারের সঙ্গে প্রতিবেশীদের বিরোধ সন্দেহে পাঁচজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।