২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল প্রকৌশলীর

মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জের উলুখোলা হইতে ভোগড়া বাইপাস মোড়ের দিকে যাচ্ছিলেন ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন প্রজেক্টের প্রকৌশলী শাহাদাত হোসেন মুন্না।

গাজীপুরে ট্রাক চাপায় প্রাণ গেল প্রকৌশলীর
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2024, 02:09 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

গাজীপুর মহানগরের পূবাইল থানায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক প্রকৌশলী মারা গেছেন।  

বুধবার সকালে মীরের বাজার চৌরাস্তার কামারগাঁও ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূবাইল থানার ওসি মো. কামরুজ্জামান। 

নিহত শাহাদাত হোসেন মুন্না (২৭) ঢাকা বাইপাস সড়কের উন্নয়ন প্রজেক্টের প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের নান্দাইল থানার রামগতি গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, সকালে মোটরসাইকেল নিয়ে কালীগঞ্জের উলুখোলা থেকে ভোগড়া বাইপাস মোড় যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মালবোঝাই ট্রাক ধাক্কা দিলে সড়কে পড়ে যান শাহাদাত হোসেন মুন্না। এ সময় তিনি ট্রাকের চাকায় চাপা পড়ে গুরুতর আহত হন। 

স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে তবে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।