Published : 31 Aug 2026, 05:17 PM
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার রাতে উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি আব্দুল্লাহ আল মামুন।
নিহত দিলু আরা (৪০) ওই গ্রামের সৌদি প্রবাসী এনামুল হকের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি একই গ্রামের জাহাঙ্গীর চৌধুরীর ছেলে বাবুল মিয়ার (৩০) কাছ থেকে আমগাছের কিছু লাকড়ি কেনেন দিলু আরা। রোববার সন্ধ্যায় ওই লাকড়ির পাওনা টাকা পরিশোধ করতে বাবুলের বাড়িতে যান তিনি।
সেখানে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় দিলু আরার ওড়না দিয়ে তার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করেন বাবুল। পরে অচেতন অবস্থায় তাকে বাড়ির পাশের আজিজুলের বাঁশঝাড়ে ফেলে রেখে পালিয়ে যান বাবুল।
খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সেন্টু মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় দিলু আরাকে উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে বাবুল মিয়া পলাতক রয়েছেন। নিহতের স্বামী আজ দেশে ফেরার কথা রয়েছে। তিনি অভিযোগ দেওয়ার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ব্যাপারে জানতে চাইলে বাবুল মিয়ার মোবাইলে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।