Published : 15 May 2026, 08:18 PM
‘শিশুর চোখে শিশুর গল্প’ স্লোগানে হবিগঞ্জে শিশু সাংবাদিকতার ফলো-আপ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের অংশীদারিত্বে ও শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট ‘হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’ এর সহযোগিতায় শুক্রবার শহরের আমির চান কমপ্লেক্সের স্বনামধন্য স্কাই কিং রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়।
দিনব্যাপী কর্মশালায় অতিথি ছিলেন সিলেট মেট্টোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর জহিরুল হক শাকিল। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরী।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মৌলিক সাংবাদিকতার ধারণা, সংবাদ ও ফিচার লিখন, শিশু সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধান, তথ্য যাচাই, শিশু অধিকার, প্রতিবেদনের বিষয়বস্তু নির্ধারণ এবং মোবাইল ফোনে ভিডিও প্রতিবেদন তৈরিসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
জহিরুল হক শাকিল বলেন, “শিশু সাংবাদিকতার প্রশিক্ষণ দেওয়া খুব আনন্দের খবর। অন্যান্য পেশার চেয়ে সাংবাদিকতা পেশাটা অন্তত্ব গুরুত্বপূর্ণ। এই পেশার মাধ্যমে সকল বিষয়ে জ্ঞান অর্জন করা যায়।
“সাংবাদিকদের সকল বিষয়ে জানতে হয়। আমাদের বিভিন্ন সমস্যা আছে, এগুলো তোমরা সাধ্য অনুযায়ী তুলে ধরবে। তোমাদের মাধ্যমে দেশ ও জাতি এগিয়ে যাবে। আমরা চাই তোমাদের হাত ধরে সম্ভাবনাময় একটি দেশ গড়ে উঠুক।”
কর্মশালায় প্রশিক্ষণ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সহ-ফিচার সম্পাদক হাসান বিপুল। পরিচালনা করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ ফখরুজ্জামান।
এ ছাড়া পরিবেশ আন্দোলন-বাপার সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জ্বল সোহেল এবং জহুর চান বিবি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লা মামুন উপস্থিতি ছিলেন। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ শিক্ষার্থী অংশ নেয়।