লক্ষ্মীপুরে ধান ক্ষেতে কীটনাশক, প্রাণ গেল ১৬০ হাঁসের
এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খামারি।
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ধান ক্ষেতে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় এক খামারির ১৬০টি হাঁস মারা গেছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের চরকাচিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
খামারি তাজুল ইসলাম চৌধুরী বলেন, তার খামারে মোট ৩০০টি হাঁস ছিল। আশপাশের ফসলি জমিতে ছিটানো বিষাক্ত কীটনাশক খেয়ে হঠাৎই ১৬০টি হাঁস মারা যায়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, “জমিতে কীটনাশক দেওয়ার আগে আমাকে কেউ জানায়নি। আগে জানালে হাঁসগুলো মাঠে ছাড়া হতো না। এই ক্ষতি মেনে নেওয়ার মতো নয়।”
স্থানীয় বাসিন্দা শরিফ হোসেন বলেন, সম্প্রতি আশপাশের জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে এবং চাষিরা তাতে কীটনাশক দিয়েছেন। খেতে বিচরণ করে খাবার খাওয়ার সময় বিষক্রিয়াতেই হাঁসগুলোর মৃত্যু হয়েছে।
রায়পুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, বিষয়টি তাকে জানানো হয়নি। তবে ফসলের খেতে ছিটানো কীটনাশকের বিষক্রিয়াতেই এমনটি হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তিনি।
