১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘মায়ের বকাঝকার পর’ স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

“হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2025, 01:03 PM

Updated : 26 Aug 2026, 05:14 PM

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বেতুয়া গ্রামের নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় বলে সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঞা জানান।

মৃত ১০ বছর বয়সী জিহাদ ওই এলাকার প্রবাসী আনিস মিয়ার ছেলে এবং স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।  

মৃতের চাচাত ভাই জনি বলেন, “সন্ধ্যার পর বাড়িতে একই বয়সের চাচাতো ভাইয়ের সঙ্গে জিহাদের ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে জিহাদের মা তাকে বকাঝকা করেন। এরপর সে দৌড়ে নিজের ঘরে যায়।

“রাত ৮টার দিকে ওই ঘরে ঢুকে জিহাদকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবু বকর সিদ্দিক বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।”

স্থানীয় আরিফুর রহমান বলেন, “ঘটনাটি মর্মান্তিক, তবে বর্তমান সময়ে যারা বাবা-মা আছেন তাদের জন্য শিক্ষণীয়। শিশুর প্রতি কেমন আচরণ করতে হবে, এ বিষয়ে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।” 

ওসি আবুল কালাম বলেন, লাশ উদ্ধার করে প্রথমে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের দাবিতে ময়নাতদন্ত ছাড়াই তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।