১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘পালিয়ে যাওয়া’ তরুণীকে ফিরিয়ে আনার পর মিলল ঝুলন্ত লাশ

“ন্যান্সিকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2025, 02:07 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

বরিশালের উজিরপুর উপজেলায় মামার বাড়ি থেকে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে উপজেলার ধামসর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানিয়েছেন।

মৃত ১৮ বছর বয়সী ন্যান্সি মণ্ডল ওই গ্রামের মিন্টু মণ্ডলের মেয়ে।

তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

ওসি আব্দুস সালাম বলেন, “ন্যান্সির সঙ্গে ফেইসবুকে ফরিদপুরের বাসিন্দা এক তরুণীর বন্ধুত্ব হয়। গত ২৪ অগাস্ট ন্যান্সি পালিয়ে ওই তরুণীর সঙ্গে মাদারীপুরে আত্মগোপন করেন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে ধামসর গ্রামে মামা মাইকেল পান্ডে বাসায় নিয়ে আসা হয়।

“সোমবার রাতে খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ন্যান্সিকে ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়।”

ন্যান্সির মামা মাইকেল পান্ডে বলেন, “ফরিদপুরের বাসিন্দা টুম্পা নামের এক তরুণীর সঙ্গে ফেইসবুকে ন্যান্সির পরিচয় হয়। তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।”

এ ঘটনায় পরিবারের মান সম্মান ক্ষুন্ন হওয়ায় এবং ওই তরুণীর সঙ্গে বিচ্ছেদ হওয়ায় ন্যান্সি ‘আত্মহত্যা’ করেছে বলে দাবি মাইকেলের।  

এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুস সালাম জানান।