নেত্রকোণায় কবরস্থান নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
এ সময় দোকানপাটসহ বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনাও হয়েছে।
নেত্রকোণার কলমাকান্দায় একটি কবরস্থান নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫৬ জন আহত হয়েছেন। এ সময় দোকানপাটসহ বাড়ি-ঘর ভাঙচুরের ঘটনাও হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার রংছাতী ইউনিয়নের আমগড়া এলাকায় এ সংঘর্ষ হয় বলে জানান কলমাকান্দা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
স্থানীয় ও আহতদের বরাতে পুলিশ জানায়, আমগড়া বাজারের পাশে একটি কবরস্থান রয়েছে। অন্তত ৬০ থেকে ৭০ বছর ধরে পোনেশ্বর-আমগড়া কবরস্থান হিসেবে পরিচিতি পেয়ে আসছে কবরস্থানটি।
এই কবরস্থানে এলাকার কয়েকটি গ্রামের বাসিন্দাদের দাফন করা হয়। এ অবস্থায় একটি পক্ষ দাবি করে যেহেতু কয়েক গ্রামের মানুষের দাফন করা হয় তাই কবরস্থানটির নাম হবে ‘সার্বজনীন গোরস্থান’। এ নিয়ে স্থানীয়দের দু পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, কবরস্থান নিয়ে বিরোধের জেরে শুক্রবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে আমগড়ায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনার সময় আমগড়া বাজারে বেশকিছু দোকানেও হামলা, ভাঙচুর হয়।
একপর্যায়ে আমগড়া ও নল্লাপাড়া গ্রামের মানুষজন পোনেশ্বর হররামে হামলা চালিয়ে বাড়ি-ঘর ভাঙচুরসহ লুটপাট চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক এম এম এস মাটি বলেন, “বেলা ১ টা নাগাদ ৫৬ জন সংঘর্ষে আহত ব্যক্তিকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাদেরকে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে; এলাকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
