কক্সবাজারে হোটেল কক্ষে ঝুলছিল পর্যটকের লাশ
লাশের পকেটে একটি চিরকুট পায় পুলিশ।
কক্সবাজারে আবাসিক হোটেল থেকে এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে শহরের হোটেল-মোটেল জোনের মরিয়ম রিসোর্ট নামের আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজীম।
নিহত অমিত বড়ুয়া (৩২) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকার রণজিত বড়ুয়ার ছেলে।
রিসোর্ট কর্তৃপক্ষের বরাতে ওসি ফয়জুল আজীম বলেন, মঙ্গলবার সকালে অমিত বড়ুয়া কক্সবাজারে এসে ওই রিসোর্টটির ১০৮ নম্বর কক্ষে উঠেন। শুক্রবার সকালে তার কক্ষ ছাড়ার কথা ছিল। বেলা ১১টার দিকে কক্ষটি ছাড়ার বিষয়ে হোটেলের এক কর্মচারী অমিত বড়ুয়ার সঙ্গে কথা বলতে যান।
কক্ষটি ভেতর থেকে বন্ধ পেয়ে কয়েকবার ডাকার পরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় হোটেল কর্মচারীর সন্দেহ জাগে। পরে তিনি বিষয়টি থানা পুলিশকে জানায়।
ওসি বলেন, “ খবর পেয়ে পুলিশের একটি দল গিয়ে কক্ষটির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে রশি দিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অমিতের লাশ উদ্ধার করা হয়। এ সময় লাশের পকেটে একটি চিরকুট পাওয়া যায়।
তবে চিরকুটে কী লিখেছেন, তা জানা সম্ভব হয়নি।“
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ফয়জুল আজীম বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ খোঁজ নিচ্ছে।”
