১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টুঙ্গিপাড়ার পাটগাতী পোস্ট অফিসে সেবা পেতে ভোগান্তি

“রাস্তায় গাড়ি না পাওয়ায় কখনো কখনো একটু দেরি হতে পারে।”

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 03:05 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার পাটগাতী সাব-পোস্ট অফিসে দায়িত্বপ্রাপ্ত সাব-পোস্টমাস্টার নিয়মিত অফিসে না থাকার অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন সেবা নিতে এসে ভোগান্তিতে পড়ছেন সেবাগ্রহীতারা। 

পাটগাতী সাব-পোস্ট অফিসের সাব-পোস্ট মাস্টার হিসেবে দায়িত্ব পালন করছেন ফাইজুল ইসলাম তালুকদার। তবে অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, রাস্তায় যানবাহন না পাওয়ায় কখনো কখনো অফিসে আসতে দেরি হয়।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার অন্যতম বড় বাণিজ্যিক এলাকা পাটগাতী বাজার। টুঙ্গিপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত এ বাজারে টুঙ্গিপাড়ার পাশাপাশি বাগেরহাটের চিতলমারী ও পিরোজপুরের নাজিরপুর উপজেলার বিভিন্ন এলাকার মানুষ ব্যবসা-বাণিজ্য, ব্যাংকিংসহ নানা কাজে আসেন। প্রতিদিন এখানে কোটি কোটি টাকার ব্যবসা-বাণিজ্য হয়।

গুরুত্বপূর্ণ এ বাজারের মানুষের ডাক ও আর্থিক সেবার সুবিধার জন্য সেখানে একটি সাব-পোস্ট অফিস স্থাপন করেছে সরকার। এ অফিস থেকে রেভিনিউ স্ট্যাম্প কেনা, গুরুত্বপূর্ণ চিঠিপত্র আদান-প্রদান, ডাক জীবনবীমা, ডিপিএস ও সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবা ও তথ্য পাওয়ার সুযোগ রয়েছে।

স্থানীয় জনসাধারণ, ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অভিযোগ, পোস্ট মাস্টার নিয়মিত অফিসে না থাকায় রেভিনিউ স্ট্যাম্প কেনা, গুরুত্বপূর্ণ চিঠিপত্র আদান-প্রদান, জীবনবীমা, ডিপিএস ও সঞ্চয়পত্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্য নিতে এসে সেবা পাচ্ছেন না সাধারণ মানুষ। ফলে পাটগাতী থেকে দুই কিলোমিটার দূরে টুঙ্গিপাড়া প্রধান পোস্ট অফিসে যেতে হচ্ছে সেবাগ্রহীতাদের।

তারা বলছে, পোস্ট মাস্টার অনুপস্থিত থাকলে ওই অফিসের অন্যান্য কর্মচারীরাও প্রায়ই অফিস বন্ধ করে ব্যাক্তিগত কাজে চলে যান ।ফাইজুল ইসলাম তালুকদার যোগদানের পর থেকেই এভাবেই চলছে অফিসটি। অফিসে অনুপস্থিত থাকা তার নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে।

সরজমিনে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী সাব পোস্ট অফিসে গত ১৯ অগাস্ট সকাল ১০ টায় ও ২০ অগাস্ট বেলা ১২ টায় গিয়ে সাব-পোস্ট মাস্টার ফাইজুল ইসলামকে পাওয়া যায়নি। পরে গত ২৩ অগাস্ট বেলা ১টায় গিয়েও তাকে পাওয়া যায়নি। 

তখন অর্ধেক বন্ধ থাকা ওই অফিসের কর্মচারী আজহার গাজী বলেন, “সাব-পোস্ট মাস্টার ছুটিতে রয়েছেন।” পরে তাকে ফোন দিলে তিনি আত্মীয় অসুস্থ থাকায় একটু আগে অফিস থেকে বের হয়েছেন বলে জানান। এক ঘণ্টা পর তিনি অফিসে ফিরবেন বলেও জানান।

পাটগাতী সাব-পোস্ট অফিসের পাশের হোমিওপ্যাথি চিকিৎসক মো. আবদুল্লাহ বলেন, “সাব পোস্ট মাস্টার ২০২৫ সালের ডিসেম্বরে যোগদান করেছেন। এরপর থেকে তার সঙ্গে মাত্র একদিন দেখা হয়েছে। তিনি না থাকায় অনেক সেবা গ্রহীতা ফিরে যান। 

“আর প্রায়ই ওই অফিসের কর্মচারী আজহার গাজী আমাকে বলে যান, তারা উপজেলায় কাজে বের হচ্ছেন, কেউ আসলে যেন বলা হয় তারা অফিসের কাজে বাইরে গেছেন।” 

পাটগাতী বাজারের মাসুক এন্টারপ্রাইজের কর্মচারী মোহাম্মাদ জানান, অফিসের কর্মচারীরা সঠিক সময়ে অফিস খুললেও পোস্ট মাস্টার ফাইজুল ইসলাম তালুকদার প্রতিদিনই সকাল ১০ টার পর অফিসে আসেন এবং দুপুর ৩ টার আগেই বের হয়ে যান। তিনি অফিস ফাঁকি দিতে বেশ পটু।” 

পাটগাতী সাব পোস্ট অফিসটি ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত। পোস্ট অফিসটিতে একজন সাব পোস্টমাস্টার, দুজন ডাকপিয়ন ও একজন এমএলএসএস রয়েছেন। টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী, শ্রীরামকান্দি, গওহরডাঙ্গা, চিতলমারী এবং নাজিরপুর উপজেলার বিভিন্ন গ্রামের অন্তত এক হাজার মানুষ এখান থেকে সেবা নেন।

পাটগাতী গ্রামের দিপ্ত দাস, হাইসান শেখ ও রানা শেখ বলেন, অফিস সময়ে পোস্টমাস্টার না থাকলে অন্য কর্মীরাও চলে যান। ফলে সেবা নিতে এসে অনেক সময় ফিরে যেতে হয়।

শ্রীরামকান্দি গ্রামের মহসিন শেখ ও জুয়েল শেখ বলেন, জনবহুল এলাকার পাটগাতী বাজারের সাব পোস্ট অফিসটি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এখানে এসে অনেক সময় সেবা না পেয়ে ফিরে যেতে হয়। পোস্ট অফিসের সেবা নিশ্চিত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ চান তারা।

গওহরডাঙ্গা গ্রামের বাসিন্দা নাহিদা খানম ও পাটগাতী গ্রামের শাহিদ আলম  বলেন, অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে সরকারি  প্রতিষ্ঠানে মানুষের টাকা সুরক্ষিত থাকে। তাই পোস্ট অফিসে এফডিআর, ডিপিএস, সঞ্চয়পত্র কেনা ও ডাক জীবনবীমা গ্রহন করার জন্য প্রয়োজনীয় তথ্য পেতে কয়েকদিন পাটগাতী সাব-পোস্ট অফিসে গিয়েও তাদের পাইনি। 

তিনি বলন, “অফিসে না থাকা তার অভ্যাসে পরিণত হয়েছে। সরকারি অফিস টাইমের পুরো সময়টা তাদের অফিসে পেলে আমাদের ভোগান্তি কমতো।”

সাব-পোস্ট মাস্টার ফাইজুল ইসলাম তালুকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “বিগত দিনগুলোতে অফিসে এসে আমাকে না পেয়ে কেউ সেবা পাননি-এমন প্রমাণ দেখাতে হবে। আমার ডিউটির সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা। রাস্তায় গাড়ি না পাওয়ায় কখনো কখনো একটু দেরি হতে পারে। আর সবাই যে আমার কাছ থেকেই রেভিনিউ স্ট্যাম্প কিনবেন, এমন তো কোনো কথা নেই।”

এ বিষয়ে ফরিদপুর ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের পরিদর্শক (প্রশাসন) রোকন কাজী বলেন, “বিষয়টি ডেপুটি পোস্ট মাস্টার জেনারেলকে জানানো হবে। তার নির্দেশে পাটগাতী সাব পোস্ট অফিসের সাব-পোস্টমাস্টার ফাইজুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে তদন্ত করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”