১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটে ঝোপে মিলল কঙ্কাল ও নারীর চুল

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল।”

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2026, 01:49 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

সিলেটের বিশ্বনাথ উপজেলায় ঝোপ থেকে একটি কঙ্কাল ও মাথার খুলি উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ।

‘পুরোনো’ ওই কঙ্কালের পাশে নারীর চুল পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, কঙ্কালটি প্রাপ্তবয়স্ক কোনো নারীর।

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাইপাস সড়কের একটি বাসার সীমানার বাইরে ঝোপের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধারের খবর জানিয়েছেন বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, স্থানীয়রা জমির ঝোপের মধ্যে একটি মাথার খুলি ও কঙ্কাল দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি মাহবুবুর বলেন, “কঙ্কালটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কঙ্কালের পরিচয় ও মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।”

কঙ্কালটি উদ্ধারের সময় পাশে নারীর চুল পাওয়া গেছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একজন প্রাপ্তবয়স্ক নারীর কঙ্কাল এবং বেশ পুরোনো।’’

ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।