Published : 28 Mar 2026, 06:42 PM
মানিকগঞ্জ সদরে মাদকের টাকা জোগাতে ইজিবাইক ছিনতাই করতে চালককে তারই বন্ধুরা গলাকেটে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে শনিবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান মানিকগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার জয়ীতা শিল্পী।
গ্রেপ্তাররা হলেন ঘিওর উপজেলার রাথরা গ্রামের মো. রিপন মিয়া (৩০), সদর উপজেলার পাছবারইল গ্রামের আরমান হোসেন (২০) এবং একই গ্রামের সজীব হোসেন (২৫)।
সংবাদ সম্মেলনে জয়ীতা শিল্পী বলেন, বুধবার বিকালে সদর উপজেলার কালীগঙ্গা নদী থেকে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করা হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। নিহত রফিক মিয়া ঘিওর উপজেলার রাথুরিয়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ইজিবাইক চালক ছিলেন।
তিনি বলেন, ঘটনার আগের দিন ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রফিক। পরদিন নদীতে তার লাশ পাওয়া যায়। তবে ইজিবাইকটি পাওয়া যায়নি।
পরে এ ঘটনায় রফিকের ভাই আরিফ মিয়া বাদী হয়ে ঘিওর থানায় হত্যা মামলা করেন। পরে ঘটনাটি পিবিআই মানিকগঞ্জ কার্যালয় তদন্ত শুরু করে।
পুলিশ সুপার বলেন, ঘটনার পর পিবিআই ছায়া তদন্ত শুরু করে এবং প্রযুক্তির সহায়তায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। প্রথমে ধামরাইয়ের কালামপুর এলাকা থেকে রিপন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরমান হোসেন ও সজিব মিয়াকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, “গ্রেপ্তাররা ইজিবাইক চালক রফিকের পূর্বপরিচিত বন্ধু। মাদকের টাকা জোগাতে তারা রফিকের ইজিবাইক ছিনতাইয়ের পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী তাকে কালীগঙ্গা নদীর তীরে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করা হয়।”
গ্রেপ্তারদের কাছ থেকে ছিনতাই করা ইজিবাইকসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও হাতুড়ি উদ্ধার করা হয় বলে জানান পুলিশ সুপার জয়ীতা শিল্পী।
তিনি বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।