Published : 26 Nov 2025, 08:26 PM
‘নিয়ম মেনে পৃথক বর্জ্য, পৃথক বিন, পরিচ্ছন্ন কুষ্টিয়া প্রতিদিন’- এ স্লোগানে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন কর্মসূচি শুরু হয়েছে কুষ্টিয়ায়।
কুষ্টিয়া পৌরসভা এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ‘এসএনভি’ এর যৌথ উদ্যোগে এবং রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় মঙ্গলবার বিকাল ৩টায় কুষ্টিয়া পৌরসভা অডিটোরিয়ামে (পুকুরপাড়) এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
‘গৃহস্থালি পর্যায়ে কঠিন বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম’ শিরোনামের এই উদ্যোগের মাধ্যমে নাগরিক সচেতনতা সৃষ্টিসহ হাতে-কলমে আধুনিক পদ্ধতিতে উপকরণ ব্যবহারে উদ্ধুদ্ধকরণ করা হবে।
কুষ্টিয়াকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও টেকসই ‘শূন্য বর্জ্যের শহর’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই কর্র্মসূচিকে একটি গুরুত্ববহ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বর্তমানে কুষ্টিয়া পৌরসভায় প্রতিদিন প্রায় ৫৬ টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়, যার মাত্র ৩৫ টন সংগ্রহ করে ল্যান্ডফিল সাইটে নেওয়া সম্ভব হচ্ছে। এই বাস্তবতাকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৬০০ পরিবারকে অন্তর্ভুক্ত করে এসএনভির সহায়তায় পাইলট উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছে কুষ্টিয়া পৌরসভা।
এর মূল লক্ষ্য উৎসে বর্জ্য পৃথকীকরণের অভ্যাস গড়ে তোলা। প্রতিটি পরিবার প্রতিদিন নিজ ঘর থেকেই পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করে পৌর ভ্যানে প্রদান করবে।
সংগৃহীত পচনশীল বর্জ্য থেকে উৎপাদিত হবে জৈব সার, আর প্লাস্টিকসহ অপচনশীল উপকরণ স্থানীয়ভাবে পুনর্ব্যবহার করে নতুন পণ্য উৎপাদন সম্ভব হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান।
অতিথি ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শওকত হোসেন ভুঁইয়া, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মো. ইউনুস আলী, পৌর নির্বাহী অফিসার মো. মেহেদি হাসান, সহকারী প্রকৌশলী (পানি ও স্যানিটেশন) সাবিনা ইসলাম, শহর পরিকল্পনাবিদ ও SUWC প্রকল্পের ফোকাল পারসন রানভীর আহমেদ এবং সমাজ উন্নয়ন কর্মকর্তা এ কে এম মঞ্জুরুল ইসলাম, এসএনভি SUWC এর রাজশাহী ক্লাষ্টার কো-অর্ডিনেটর মো. রেজাউল হুদা মিলন, প্রাইভেট সেক্টর কোঅর্ডিনেটর মো. মিজানুর রহমান, নলেজ ম্যানেজমেন্ট অফিসার মাহতাব উদ্দীন চৌধুরী এবং প্রজেক্ট অফিসার নবনীতা সাহা।