১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ঢাকা-নারায়ণগঞ্জ: সমালোচনার মুখে বর্ধিত বাসভাড়া স্থগিত

ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনৈতিক, নাগরিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারা।

ঢাকা-নারায়ণগঞ্জ: সমালোচনার মুখে বর্ধিত বাসভাড়া স্থগিত
বাসভাড়া কমিয়ে আনার দাবিতে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে ‘নারায়ণগঞ্জের ছাত্র-জনতা’র ব্যানারে মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2025, 04:21 PM

Updated : 01 Sep 2026, 09:45 PM

তীব্র সমালোচনা ও বিরোধিতার মুখে ঢাকা-নারায়ণগঞ্জ পথে বর্ধিত বাসভাড়ার সিদ্ধান্ত স্থগিত রাখার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। 

শুক্রবার সকালে জেলা প্রশাসকের অফিসিয়াল ফেইসবুক পাতায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনিবার্য কারণবশত গত ২০ আগস্ট বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত ভাড়ার বিষয়ে গৃহীত সিদ্ধান্ত স্থগিত করা হলো। সেহেতু ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের ভাড়া পূর্বের ন্যায় বহাল থাকবে।”

এর আগে গত বুধবার বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় রাজনৈতিক ও নাগরিক নেতাদের বিরোধিতার পরও বাসভাড়া বাড়ানোর ঘোষণা দেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে এ পথে বর্ধিত বাসভাড়া কার্যকর করা হয়।

পরিবহন মালিক ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ পথে আগে বেসরকারি কয়েকটি পরিবহনের বাস চলাচল করলেও বর্তমানে সিটি বন্ধন পরিবহন ও উৎসব ট্রান্সপোর্টের শতাধিক বাস চলাচল করে। 

এ পথে নন-এসি বাসগুলোতে ৪৫ টাকায় যাত্রী পরিবহন করলেও কোভিডের সময়ে বাসভাড়া একলাফে বাড়িয়ে ৬০ টাকা করা হয়। পরে তা পাঁচ টাকা কমিয়ে ৫৫ টাকা করা হয়।

গত বছর ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাসভাড়া কমানোর দাবিতে আন্দোলন গড়ে তোলে নারায়ণগঞ্জ যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। তারা আধাবেলা হরতালেরও ঘোষণা দেন।

পরে হরতালের একদিন আগে ১৬ নভেম্বর তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হাসান বাস-মালিক ও যাত্রী অধিকার ফোরামের সঙ্গে বৈঠক করে বাসভাড়া কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করেন।

এই সিদ্ধান্তের নয় মাসের মাথায় বুধবার বাসভাড়া পুনরায় পাঁচ টাকা বাড়ানো হয়। যদিও নারায়ণগঞ্জ-ঢাকা পথে সরকারি পরিবহন বিআরটিসির যেসব বাস চলে সেগুলোর ভাড়া ৪৫ টাকা।

তবে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের পর ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজনৈতিক, নাগরিক, ছাত্র ও পেশাজীবী সংগঠনের নেতারা। 

বৃহস্পতিবার ছাত্র-জনতার ব্যানারে বাসভাড়া প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার ও শনিবার কর্মসূচি ঘোষণা করে গণসংহতি আন্দোলন ও যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম।

দিনভর ব্যাপক সমালোচনা ও তীব্র বিরোধীতার পর শুক্রবার সকালে জেলা প্রশাসক বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহার করে নেন।

এ বিষয়ে কথা বলতে জেলা প্রশাসক জাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি সাড়া দেননি।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন মুঠোফোনে বলেন, “গত বুধবার বাসভাড়া ৫ টাকা বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ফেইসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

“বাসভাড়া নিয়ে শীঘ্রই নারায়ণগঞ্জ জেলা যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভা আহ্বান করা হবে। ওই সভায় পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাসভাড়া আগের মতো ৫০ টাকাই থাকবে।” 

বাস-মালিকদেরও এ বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে, এবং তারা বাস কাউন্টারগুলোতেও নির্দেশনা দিয়ে দিয়েছেন বলেও জানান অতিরিক্ত জেলা প্রশাসক। 

আগের সংবাদ 

ঢাকা-নারায়ণগঞ্জ পথে বাড়ল বাসভাড়াক্ষোভ