Published : 29 Dec 2025, 11:43 PM
জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে দুই দিনের শিশু সাংবাদিকতার কর্মশালা। প্রথম দিন এতে ১৮ জন শিশু সাংবাদিক অংশ নেয়।
‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যকে নিয়ে সোমবার সকালে জেলা শহরের এলজিইডি ভবন কনফারেন্স রুমে এ কর্মশালার উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন।
জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ এবং শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তত্ত্বাবধায়ক এবং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি আবুল হায়াত শাহীন।

শিশুদের উদ্দেশে আনোয়ার হোসেন বলেন, “এই কর্মশালা তোমাদের সম্ভাবনার পথ খুলে দিবে বলে আমার বিশ্বাস। আশা করি তোমরা মনোযোগ সহকারে প্রশিক্ষণ সম্পন্ন করবে। ভবিষ্যতে আমাদের দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে কাজ করবে।”
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে আছেন হ্যালোর সহ-সম্পাদক সাদিক ইভান। প্রথম দিন তিনি শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, তথ্য যাচাই, সংবাদ ও ফিচার লিখন, সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধানসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেন।