টাঙ্গাইল-৪: বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিল করে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুকে প্রার্থী ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা।
টাঙ্গাইল-৪ আসনে বিএনপির প্রার্থী লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছেন বঞ্চিত এক প্রার্থীর সমর্থকরা।
বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার সল্লা এলাকায় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় লুৎফর রহমান মতিনের মনোনয়ন বাতিল করে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটুকে প্রার্থী ঘোষণার দাবি জানান আন্দোলনকারীরা।
মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে মহাসড়কের একটি অংশে অবস্থান নেন। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
এ সময় কালিহাতী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক, সহসভাপতি মজনু মিয়া, সহদেবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান বালা ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। কালিহাতী আসনে দীর্ঘদিন মাঠে থাকা নেতা বেনজির আহমেদ টিটুকেই মনোনয়ন দেওয়া উচিত।
নেতাকর্মীদের অভিযোগ, বর্তমান ঘোষিত প্রার্থী লুৎফর রহমান মতিন স্থানীয়ভাবে গ্রহণযোগ্য নন। এ ছাড়া দলের ত্যাগী নেতাদের ওপর উপেক্ষার মনোভাব তৈরি হয়েছে।
দ্রুত প্রার্থী পরিবর্তন করে টিটুকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন না দিলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা।
