১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুনামগঞ্জে সুরমা নদী থেকে ৩১ ভারতীয় গরু জব্দ, আটক ২

সীমান্তে চোরাই পথে সংগ্রহ করা গরুগুলো ধর্মপাশা বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানায় পুলিশ।

সুনামগঞ্জে সুরমা নদী থেকে ৩১ ভারতীয় গরু জব্দ, আটক ২
ভারত থেকে চোরাই পথে গরু আনার অভিযোগে সুনামগঞ্জে আটক দুই যুবক।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2025, 07:54 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদী থেকে ৩১টি ভারতীয় গরুবোঝাই একটি নৌকা জব্দ করেছে পুলিশ। এ সময় দুইজনকে আটক করা হয়েছে; যাদের চোরাকারবারি বলছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার বিকালে উপজেলার জয়নগর লঞ্চঘাট এলাকায় নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ।

আটকরা হলেন- ফারুক আলী (২২) এবং আনসার আলী (২৪)। তারা দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের কাইগাঁও গ্রামের বাসিন্দা।

এসআই মাহমুদুল হাসান বলেন, গোপন খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে গরুবোঝাই একটি নৌকা আটক করা হয়। নৌকায় থাকা ব্যক্তিরা বৈধ কাগজপত্র না দেখাতে পারায় গরুগুলো জব্দ করা হয়। আটক করা হয় ফারুক আলী ও আনসার আলীকে। 

পুলিশ জানায়, ফারুক আলী দীর্ঘদিন ধরে গরু পাচারের সঙ্গে জড়িত। তিনি দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ভারতীয় গরু চোরাই পথে সংগ্রহ করে তা ধর্মপাশা উপজেলা বাজারে নিয়ে যাচ্ছিলেন।

ওসি রতন শেখ বলেন, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া জব্দ করা গরুগুলো শুল্ক কার্যালয়ে পাঠানো হয়েছে।