গোপালগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
এতে ঘটনাস্থলের রিয়াজের মৃত্যু হয় এবং বাকি দুই আরোহী আহত হয় বলে জানায় পুলিশ।
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় টমটমের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্রের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার দুপুরে কেরাণীরপোল এলাকার নাগরা-বান্ধাবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কোটালীপাড়া থানার ওসি মো. রিয়াদ মাহমুদ জানিয়েছেন।
নিহত ২০ বছর বয়সী রিয়াজ শেখ বরিশাল জেলার অগৈলঝাড়া উপজেলার পয়সারহাট গ্রামের মাহাবুব শেখের ছেলে ও ওই উপজেলার বাগধা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।
ওসি রিয়াদ বলেন, “কোটালীপাড়ার নাগরা থেকে মোটরসাইকেলে দুজনকে নিয়ে বাড়ি যাচ্ছিল রিয়াজ। পথে বিপরীত দিক থেকে আসা একটি মাছের পোনা বোঝাই টমটমের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলের রিয়াজের মৃত্যু হয় এবং বাকি দুই আরোহী আহত হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
