১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

হত্যার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবিতে বিক্ষোভ

ঢাকা ও খুলনায় নৃশংস কায়দায় হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন ছাত্রনেতারা।

হত্যার বিচার, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে রাবিতে বিক্ষোভ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সমাবেশ করে গণতান্ত্রিক ছাত্রজোট।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 10:00 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

ঢাকা ও খুলনায় নৃশংস কায়দায় হত্যাকাণ্ডের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্রজোট। 

শুক্রবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে আয়োজিত সমাবেশে এ দাবি জানান তারা। 

এর আগে পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক ঘুরে তারা সমাবেশে যোগ দেন।

সমাবেশে ছাত্র গণমঞ্চের আহ্বায়ক নাসিম সরকার বলেন, “চব্বিশ পরবর্তী বাংলায় আমরা যে অবস্থার সম্মুখীন হয়েছি তার দায়ভার সম্পূর্ণ প্রশাসন ও অন্তর্বর্তী সরকারের। অপরাধী যেই হোক, দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।”

ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ কায়সার আহমেদ বলেন, “আজকের মত বিচারহীনতা আমরা হাসিনার আমলেও দেখেছি। কিন্তু অন্তর্বর্তী সরকারের কাছ থেকেও এই বিচারহীনতা লক্ষ্য করা যাচ্ছে। এমন নির্মমতা কোনো সভ্য দেশের হতে পারে না। আমরা এই সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”

সমাপনী বক্তব্যে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল বলেন, “৫ অগাস্টের পর আওয়ামী লীগের চাঁদাবাজির জায়গাটা নিয়েছে আরেকটি সংগঠন। মৌলবাদী একটি গোষ্ঠী আবার ‘মবতন্ত্র’ কায়েম করে মাজার ভাঙা, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়েছে। অন্তবর্তী সরকার তাদের ইন্ধন দিয়েছে। 

“এই সরকারের ব্যর্থতার ফল হচ্ছে খুলনা ও ঢাকার নির্মম হত্যাকাণ্ড। আজকের সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে এসবের দায় স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ, পাহাড়ি ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক রিসার্চ চাকমা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলিফ, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শামীন ত্রিপুরা, বিপ্লবী ছাত্রমৈত্রীর সদস্য আল আশরাফ রাফি।