Published : 09 Jan 2026, 07:57 PM
ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইসসহ তিন পরীক্ষার্থীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও শহরের তিনটি পরীক্ষা কেন্দ্র থেকে তিনজনকে আটক করা হয় বলে জানান ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি এটিএম গোলাম রসুল।
আটকরা হলেন- ঠাকুরগাঁও পৌরশহরের মিলননগর এলাকার লিটন দাসের স্ত্রী জ্যোতি রাণী দাস, জেলার পীরগঞ্জ উপজেলার খটশিংগা গ্রামের আইনুল হকের মেয়ে রিপা আক্তার এবং বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ভোটপাড়া গ্রামের শনিচরণ চন্দ্র রায়ের ছেলে নরদেব চন্দ্র।
ওসি গোলাম রসুল বলেন, সারাদেশে শুক্রবার বিকাল ৩টা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ঠাকুরগাঁওয়েও প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এর মধ্যে ঠাকুরগাঁও শহরের কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ও ঠাকুরগাঁও রোড ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনজন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই তিন কেন্দ্রে অভিযান পরিচালনা করা হয়। তল্লাশি চালিয়ে তিনজনের শরীরে ডিজিটাল ইলেকট্রনিকস ডিভাইস পাওয়া গেলে, তাদের আটক করা হয়।
ওসি আরও বলেন, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা জানতে আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।