Published : 24 May 2026, 03:21 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার সকালে মির্জানগর ইউনিয়নের হাটুভাঙ্গা স্টেশনসংলগ্ন ‘ভাই ভাই স্টোর’ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় বলে রায়পুরা থানার ওসি মুজিবুর রহমান জানিয়েছেন।
নিহত ৪৫ বছর বয়সী রফিকুল ইসলাম মুন্সি ওই এলাকার সাহারাজ খলিফার ছেলে। তিনি টাইলস ব্যবসা করতেন।
সাহারাজের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্বজনরা বলেন, শনিবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠানের কাজ শেষ করে বাড়ি ফেরার কথা ছিল রফিকুল ইসলামের। তবে রাত ১০টা পেরিয়ে গেলেও তিনি বাড়ি না ফেরায় তার স্ত্রী দোকানের দিকে যান। তিনি দেখেন, শাটার নামানো থাকলেও সেটি তালাবদ্ধ ছিল না।

পরে ভেতরে প্রবেশ করে স্বামীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। এসসয় স্থানীয়রা থানায় খবর দেন।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বা কারা এর সঙ্গে জড়িত সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ওসি মুজিবুর বলেন, “নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটা একটি হত্যাকাণ্ড।”
দ্রুত সময়ের মধ্যে হত্যায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।